হাসিবুর রহমান ডিপিডি প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ অক্টোবর) দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমিতে দুর্গাপুর রক্তযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
“রক্ত দিলে হয় না ক্ষতি, রক্ত দেবো চার মাস পরপর”—এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে রক্তদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে দুর্গাপুর রক্তযোদ্ধা ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন দুর্গাপুর রক্তযোদ্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক পারভেজ মনি, দুরন্ত মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ স্বপন আহমেদ, উপজেলা বিডি ক্লিনের সমন্বয়ক আঃ করিম, মেডিকেল টেকনোলজিস্ট মাহাবুর রহমান শরীফ, ফেসবুক অ্যাক্টিভিস্ট ফয়সাল কবির, স্বেচ্ছাসেবী ও শিক্ষক ইমামুল হাসান এবং রক্তযোদ্ধা ফাউন্ডেশনের সদস্য মোঃ অনিক।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়। তাই তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং মানবিক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানবতার সেবায় রক্তদান কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com