১৭ বছরের সংগ্রাম শেষে সংসদে আবু সাইদ চাঁদ, উন্নয়নের নতুন স্বপ্ন চারঘাট–বাঘায়
- আপডেট সময়ঃ ০৭:০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী-০৬ (চারঘাট–বাঘা) আসন নম্বর ৫৭ থেকে সরকারি ভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সাইদ চাঁদ। তাঁর বিজয়ে চারঘাট–বাঘা এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় জনগণ উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
স্থানীয়দের মতে, আবু সাইদ চাঁদ একজন গণমানুষের নেতা হিসেবে পরিচিত এবং উত্তরবঙ্গের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। বিগত ১৭ বছর তিনি বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে সময় কাটিয়েছেন বলে তাঁর সমর্থকদের দাবি। এ সময় তিনি জেল, মামলা ও হামলার শিকার হন এবং কারাবন্দি অবস্থায় ব্যক্তিগত জীবনে বড় ক্ষতির মুখোমুখি হন,নিজের মা ও সহধর্মিনীকে হারান।
রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে এবার সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। চারঘাট–বাঘা এলাকার জনগণ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে নিজেদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চারঘাট–বাঘা অঞ্চল রাজশাহী কেন্দ্রিক প্রশাসনিক প্রভাবের অধীনে পরিচালিত হয়ে এসেছে। দীর্ঘ সময় পর এলাকার একজন সন্তানকে সংসদ সদস্য হিসেবে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
এলাকাবাসীর মতে, চারঘাট–বাঘার উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে—
বেকারত্ব দূরীকরণ
নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা
মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ
এলাকার আম উৎপাদনকে শিল্পে রূপ দেওয়া
রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জাতীয় পর্যায়ের ৩১ দফা কর্মসূচির পাশাপাশি আবু সাইদ চাঁদ তাঁর নির্বাচনী এলাকায় চারঘাট–বাঘার উন্নয়নের জন্য ২১ দফা ইশতেহার ঘোষণা করেন। জনগণের প্রত্যাশা, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।
বিশেষ করে নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে নন্দনগাছী অথবা সরদহ রেলস্টেশন সংস্কার এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। এ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলমান রয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন সংসদ সদস্য তাঁর ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে চারঘাট–বাঘা অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করবেন এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।


















