বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত রাজশাহীর বাগমারার শ্যামল উদ্দিন মাঝির পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সোমবার নিহত শ্যামল উদ্দিনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। এ সময় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নেওয়া হয়। পরে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। এ সময় মরদেহ দেশে আনার প্রয়োজনীয় কাগজপত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।
সৌদি আরবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। মরদেহ দেশে আনার উপযুক্ত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া নিহতের পরিবারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য কিছু শুকনো খাবারও দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সরকারি সহায়তার সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও শোকাহত পরিবারটির পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সহায়তার আওতায় পরিবারটি যাতে সর্বোচ্চ সহযোগিতা পায়, সে বিষয়েও উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সৌদি আরবে অগ্নিকাণ্ডে শ্যামল উদ্দিনের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা এখন প্রিয়জনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com