প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৬, ৬:৫৫ পি.এম
শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিষপানে হালিমা খাতুন তরিকা (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর হালিমা জানতে পারে, সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হলেও একটি বিষয়ে ফেল করায় সে হতাশ হয়ে পড়ে। একপর্যায়ে আক্ষেপে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর বিষপানে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com