ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল ছাত্র-জনতা। দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবি জানানো হয়। সোমবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, টেন্ডার প্রক্রিয়া, নিয়োগ, সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক কর্মকাণ্ডে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তারা দাবি করেন, টেন্ডার ছাড়া গাছ বিক্রি, ভবন ও সীমানা প্রাচীর ভাঙার অর্থ আত্মসাৎ, সম্পদ লিজ এবং নির্মাণকাজে অনিয়মের মতো একাধিক অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।
বক্তারা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও সরকারি নীতিমালা উপেক্ষা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়ায় পছন্দের ঠিকাদারকে সুবিধা দেওয়া হয়েছে।
তারা বলেন, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগ এবং তাঁর সময়ে দেওয়া বিতর্কিত নিয়োগগুলো বাতিলেরও দাবি জানান আন্দোলনকারীরা। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। অবস্থান কর্মসূচিতে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, পশ্চিম বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর কৃষকদলের আহ্বায়ক শরফুজ্জামান সামিম, মহানগর তাঁতী দলের সভাপতি মো. কাজলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com