মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
পরিবেশ দূষণ রোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মান্দা উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসন–এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল দুটি ইটভাটা। এ অপরাধে মেসার্স ছবিরন ব্রিকসকে ১ লাখ ১০ হাজার টাকা এবং মেসার্স ছালেহা ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি দল নিরাপত্তা সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ আইন অমান্য করে কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। কৃষিজমি, বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ রক্ষায় আরও কঠোর তদারকির দাবি জানিয়েছেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com