
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে ঢুকে মামুনুর রশিদ মামুন (৩৮) নামের এক মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ফজরের নামাজের সময় উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মামুনুর রশিদ ওই গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অভিযুক্ত ইসমাইল হোসেন একই গ্রামের মৃত ফারাতুল্লাহ শাহের ছেলে।
স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী জানান, ফজরের নামাজ চলাকালে ইসমাইল হোসেন হাঁসুয়া হাতে মসজিদের বাইরে অবস্থান করছিলেন। নামাজ শেষ হওয়ার পর তিনি মসজিদের ভেতরে ঢুকে মামুনুর রশিদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় হাঁসুয়ার আঘাতে মামুন গুরুতর আহত হন। পরে ইসমাইল মসজিদ থেকে পালিয়ে যান।
সেকেন্দার আলী অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে ইসমাইল এর আগেও মামুনুর রশিদকে একাধিকবার হত্যার চেষ্টা করেছেন। ইসমাইল হোসেন একজন মাদকাসক্ত বলেও দাবি করেন তিনি।
শামুকখোল গ্রামের বাসিন্দা আলম হোসেন বলেন, মাদকসেবনে বাধা দেওয়ায় গত ২১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তার ভাই আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় ইসমাইল হোসেনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। ওই সময় ব্যবস্থা নেওয়া হলে মামুনের ওপর হামলার ঘটনা এড়ানো সম্ভব হতো বলেও দাবি করা হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com