মান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগ
- আপডেট সময়ঃ ০৪:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি স’মিল পুড়ে গেছে। বুধবার ভোররাত প্রায় ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওয়াজেদ আলী জানান, দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিজ জমিতে প্রায় ১৮ বছর আগে তিনি স’মিল স্থাপন করে ব্যবসা শুরু করেন। প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও স’মিলে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। ভোরে সাহরি খাওয়ার জন্য বাইরে গিয়ে নৈশপ্রহরী আতাব আলী স’মিলে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে স’মিলের শ্যালো মেশিন, আসবাবপত্র এবং মজুত থাকা প্রায় চার লাখ টাকার কাঠ পুড়ে যায়।
ওয়াজেদ আলীর দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেলুয়াবাড়ি এলাকার আফসার আলী ও আকতার হোসেন এবং চককানু গ্রামের গুলবর রহমানের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করেন তিনি। তার ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই স’মিলে আগুন লাগানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে আফসার আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#























