মান্দায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ডা. ইকরামুল বারী টিপু
- আপডেট সময়ঃ ০৮:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টায় এসব কাজের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রথমে হাড়কেশোর মৌজার গাইডওয়ার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিলডুবারাইল পর্যন্ত একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। পরে একই সময়ে বাঁকাপুর মৌজার দফাদারের মোড় সংলগ্ন মেইন রোড এলাকা থেকে বিলডুবারাইল পর্যন্ত আরেকটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, এসব খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং কৃষি জমিতে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে। এতে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক অর্থনীতি ইতিবাচক প্রভাব পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম, মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, যুবদলের আহ্বায়ক আব্দুল জলিল, মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হোসেন, বিএনপি কর্মী ফিরোজ, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী, ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, খাল দুটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে।



















