মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের পানিভর্তি গর্তে ডুবে আবু সুফিয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার হাটঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান ওই গ্রামের সুজন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটির মা আসরের নামাজ আদায় করতে ঘরে যান। এ সময় আবু সুফিয়ান বাড়ির আঙিনায় খেলছিল। নামাজ শেষে ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি তাকে ডাকাডাকি শুরু করেন। পরে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করেন।
একপর্যায়ে শিশুটির সঙ্গে খেলতে থাকা প্রতিবেশীর আরেক চার বছর বয়সী শিশু তার মাকে জানায়, আবু সুফিয়ান পানিতে পড়েছে। পরে শিশুটির মা পানির গর্তের কাছে গিয়ে ছেলেকে পানিতে ভাসতে দেখেন। এ সময় তার চাচা সুমন মিয়া দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com