সাইফুল ইসলাম গোপালগঞ্জ প্রতিনিধি :
বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পদে থাকায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৪ নেতার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে।
গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের হাইশুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, ১৯ নভেম্বর কর্মসূচি চলাকালে পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী-সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাইশুর গ্রামে হামলা চালায়।
এতে রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের ৩টি বসতঘর ও ১ ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাসের ২টি বসতঘর, ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ১টি পোল্ট্রি ফার্ম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের ২টি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে ক্ষীরোদ বিশ্বাস জানান , রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের হওয়ায় তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।
এ ঘটনার পর থেকে চারটি পরিবারেই চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা করা হয়নি।
এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি সাজেদুর রহমান মঙ্গলবার বিকাল ৫ টার দিকে মুঠোফোনে কে প্রতিনিধিকে জানান, ঘটনার দিন কাশিয়ানী উত্তাল ছিল। এদিন আমরা থানা থেকে বের হইনি। এমনকি ফায়ার সার্ভিস ও বের হতে পারেনি। হাইশুর গ্রামে ৪ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও পোল্ট্রি ফার্মে ভাঙচুরের ঘটনার কথা শুনেছি। কিন্তু এখনো কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি।
অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের ওই কর্মকর্তা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com