আলমগীর মানিক,রাঙামাটি:
রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১ হাজার ৭১৯ কেজি বাংলাদেশি রসুন ও পাচারকাজে ব্যবহৃত একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে বিজিবি। জব্দ করা রসুন ও গাড়ির মোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঝিপাড়া-কচুছড়ি সীমান্ত সড়কের কচুছড়ি চেকপোস্ট এলাকায় অভিযান চালায় মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির একটি টহল দল।
ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্বর নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি চাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িটি থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪৪ বস্তা বাংলাদেশি রসুন উদ্ধার করা হয়। পরে ওজন করে এসব রসুনের পরিমাণ ১ হাজার ৭১৯ কেজি পাওয়া যায়।
এ ঘটনায় বিনয় চাকমা (২৫) ও রিপন চাকমা (১৯) নামের দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি রসুন পরিবহনে ব্যবহৃত চট্টগ্রাম-খ-৩৯৬৩ নম্বরের চাঁদের গাড়িটিও জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা রসুন ও গাড়ির মোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। আটক দুজনকে জব্দ করা মালামাল ও গাড়িসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলা দায়ের করা হয়েছে।
মারিশ্যা জোন ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করছে। এ কারণে সীমান্ত এলাকায় নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com