বাগমারা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে এখন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এবং গনিপুর ইউনিয়নের দু’বিলাকে ঘিরে সৃষ্টি হয়েছে মানুষের ঢল। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের উপস্থিতিতে এলাকা পরিণত হয়েছে এক মিলনমেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, যেকোনো বড় উৎসবকে কেন্দ্র করে এই দু’বিলা এবং মাথাভাঙ্গা এলাকায় গড়ে ওঠে অস্থায়ী বিনোদন কেন্দ্র ও দোকানপাট। এবারও তার ব্যতিক্রম হয়নি। খাবারের দোকান, খেলনা সামগ্রী, বিভিন্ন রকমের স্টলসহ ছোটখাটো ব্যবসায়ীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা জমজমাট হয়ে উঠেছে।
বিনোদনপ্রেমীদের উপস্থিতিতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে দেখা গেছে স্বস্তির হাসি। বিক্রেতারা জানান, ঈদ উপলক্ষে প্রতিদিন হাজারো মানুষের আগমনে তাদের বেচাকেনা কয়েকগুণ বেড়েছে। অনেকেই অস্থায়ী দোকান বসিয়ে ভালো আয় করছেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
তবে বিপুল সংখ্যক মানুষের সমাগম হলেও সেখানে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং বসার উপযুক্ত স্থান। দর্শনার্থীরা জানান, পরিবার নিয়ে ঘুরতে এসে ভিড় ও নিরাপত্তা ঘাটতির কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই আনন্দকে দ্বিগুণ করতে মানুষ ছুটে আসে বিনোদনের খোঁজে—কেউ দূর-দূরান্তে, আবার কেউ বাড়ির কাছাকাছি এমন মনোরম স্থানে। বাগমারার এই দুই স্থান এখন আনন্দের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে ভবিষ্যতে আরও নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে মানুষ তাদের বিনোদন উপভোগ করতে পারে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com