বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ইউএনও মাহবুবুল ইসলামের বিদায় সংবর্ধনা
- আপডেট সময়ঃ ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মাহবুবুল ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তার সততা, নিষ্ঠা ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করা হয়।
এসময় বক্তারা বলেন, মাহবুবুল ইসলাম দায়িত্ব পালনকালে বাগমারা উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর উপজেলার পাশাপাশি ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখেন, যা স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, হিসাবরক্ষক মোখলেছুর রহমান সহ ভবানীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
এছাড়াও উপজেলা ভূমি অফিস, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান-ঐক্য পরিষদ এবং উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে পৃথকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।



















