বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসার দাখিল শাখায় ১৭ জন শিক্ষক রীতিমতো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। তাঁদের প্রচেষ্টায় এবার দাখিল পরীক্ষায় ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে একজনও পাস করতে পারেনি। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যায়, বাগমারার কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসার একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। এই মাদ্রাসাটি এমপিওভুক্ত। প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষক সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বাগমারায় দাখিল পর্যায়ে ৪৪টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ৩৬টি মাদ্রাসা এমপিওভুক্ত।
কর্ণিপাড়া সাদোপাড়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ১৯ জন অংশ নিয়েছিল। সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।
ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সচিব ড. ওয়ারেছ আলী ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্য। এর মধ্যে কর্ণিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত।
এদিকে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাঁদের মধ্যে আনোয়ার হোসেন ও মোবারক হোসেন বলেন, দায়সারা পাঠদান ও শিক্ষকদের অবহেলার ফসল এই ফলাফল। নিয়োগ-বাণিজ্যই মাদ্রাসাটির প্রধান বিষয়।
তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মামুনুর রশিদ। তিনি বলেন, যা বলার মাধ্যমিক শিক্ষা অফিস বলবে।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান বলেন, এখন পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়নি। পরে জানানো হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com