বাগমারায় ভবানীগঞ্জ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী
- আপডেট সময়ঃ ০২:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে তিনি কেন্দ্রে উপস্থিত হয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। পরে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে নিজের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে তিনি বলেন, “আমি শান্তিপূর্ণ পরিবেশে আমার ভোট দিতে পেরেছি। আশা করছি, সারাদিনই সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।” তিনি সকল ভোটারকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন ডা. আব্দুল বারী। স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন চিকিৎসা ও সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে বিবেচিত। নির্বাচনী প্রচারণায় তিনি উন্নয়ন, সুশাসন ও জনসেবার নানা প্রতিশ্রুতি তুলে ধরেছেন।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) আসনে ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত এ নির্বাচনী এলাকায় মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



















