বাগমারা প্রতিনিধি
মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে দ্বীপপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নিহত দলীয় কর্মী মামনুর রশিদের কবর জিয়ারত করে তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান।
বাগমারা উপজেলার ০৭ নং বাসুপাড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের হলুদঘর গ্রামের বাসিন্দা মামনুর রশিদ দলীয় গণসংযোগ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নির্বাচিত হওয়ার পর এমপি ডাঃ আব্দুল বারী সরাসরি মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, “একজন কর্মীর ত্যাগ কখনো বৃথা যায় না। মামনুর রশিদ আমাদের দলের একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী সহযোদ্ধা ছিলেন। তার এই আত্মত্যাগ আমাদের কাছে অমূল্য।” তিনি আরও বলেন, রাজনীতি কেবল ক্ষমতার বিষয় নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচিত হওয়ার পরও ডাঃ আব্দুল বারী কর্মীদের ভুলে যাননি। বরং তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু জননেতা নন, কর্মীবান্ধব নেতা হিসেবেও সবার আস্থার প্রতীক। তার এই উপস্থিতি শোকাহত পরিবারকে মানসিকভাবে অনেকটা শক্তি জুগিয়েছে।
মরহুম মামনুর রশিদ ছিলেন সৎ, বিনয়ী ও কর্মঠ ব্যক্তি। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন। এলাকার তরুণদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার নাম।
দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com