বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ভবানীগঞ্জ-আত্রাই সড়কের নাগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাম নাজমুল ইসলাম (২৮) বলে জানা গেছে। তার বাড়ি যোগীপাড়া ইউনিয়নের নাগপাড়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই বছরের শিশুসন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যোগীপাড়ায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাজমুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন নাজমুল ইসলামের স্ত্রী বর্ষা। তাকে উদ্ধার করে ভবানীগঞ্জের একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নিহতের শ্বশুর বেলাল উদ্দিন শেখ জানান, প্রায় তিন বছর আগে মেয়ের সঙ্গে নাজমুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি সন্তান রয়েছে। সকালে মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে আসার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ছোট্ট শিশুটি আজ বাবাকে হারালো। এই শোক আমরা কীভাবে সহ্য করবো বুঝতে পারছি না।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও সোমবার রাতে বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া নতুন ব্রিজের পূর্ব পাশে এবং হাট গাঙ্গোপাড়া এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে হবে জানা গেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com