বাগমারা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে জমে উঠেছে প্রচারণার মাঠ। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাঃ আব্দুল বারী দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে ফুরফুরে মেজাজে মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় প্রতিনিয়ত মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাঃ আব্দুল বারী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, পথসভা ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে। তার প্রচারণায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা শুনছেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
অন্যদিকে, এ আসনে অন্যান্য দলের একাধিক প্রার্থী থাকলেও তাদের তেমন কোনো সক্রিয়তা মাঠে চোখে পড়ছে না। স্থানীয় ভোটাররা জানান, ডাঃ আব্দুল বারীর তুলনায় অন্য প্রার্থীদের প্রচারণা এখনও গতি পায়নি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “ডাঃ বারীকে প্রায় প্রতিদিনই এলাকায় দেখা যাচ্ছে। তিনি মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যার কথা শুনছেন। অন্য প্রার্থীদের এখনও তেমন দেখা যায়নি।”
প্রায় ৩০ বছর যাবৎ বাগমারার আপামর জনগোষ্ঠীর মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়ে আসছেন ডাঃ আব্দুল বারী। গ্রামের অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করে তিনি গ্রামেই থেকে গেছেন। এমবিবিএস পাশ করলেও তিনি গ্রাম ছেড়ে শহরে বা দেশের বাহিরে এগিয়ে চিকিৎসা দেননি। দীর্ঘ সময় ধরে মানুষের সেবা করায় মানুষের মনে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। তাই এই আসনে অন্য দলের প্রার্থী থাকলেও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ডাঃ আব্দুল বারী।
নির্বাচনী এলাকার একটি সূত্র জানায়, ডাঃ আব্দুল বারীর প্রচারণার কৌশল ও জনসংযোগের ধরন তাকে এ আসনে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, অন্য প্রার্থীদের সক্রিয়তাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ আসনে জামায়াত ছাড়াও বিএনপি ও অন্যান্য দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এখন পর্যন্ত মাঠের প্রচারণায় ডাঃ আব্দুল বারীই সবচেয়ে বেশি দৃশ্যমান। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ আসনের প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com