বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে অবৈধভাবে পুকুর খনন ও কৃষি জমির মাটি কেটে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের প্রথম ধাপে শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল এলাকায় প্রায় ৬০০ বিঘা কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কোনো ব্যক্তি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি এস্কেভেটর স্পটেই অকেজো করা হয়।
অভিযানের দ্বিতীয় ধাপে একই ইউনিয়নের তেঘরিয়া এলাকায় অনুমতিবিহীন পুকুর খনন ও মাটি পরিবহনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এখানেও অভিযুক্ত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে একটি এস্কেভেটর জব্দ করে অকেজো করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, এর আগেও গত ৩১ মার্চ ও ৮ এপ্রিল একই এলাকায় অভিযান চালিয়ে আরও ২টি এস্কেভেটর অকেজো করা হয়েছিল।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। তিনি জানান, কৃষি জমির টপসয়েল রক্ষা এবং অবৈধ পুকুর খনন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com