রাজু ইসলাম, বদলগাছী উপজেলার প্রতিনিধি:
নতুন আশা আর উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ সন। "নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান " এই আহ্বানকে সামনে রেখে রোববার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনটি উদযাপন করা হয়।
দিবসটির সূচনায় সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলার থানা মোড় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন জনাব ফজলে হুদা বাবুল মাননীয় সংসদ সদস্য, জনাব ইসরাত জাহান ছনি, উপজেলা নির্বাহী অফিসার, রুহুল আমিন অফিসার ইনচার্জ বদলগাছী থানা, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ নানান শ্রেণির পেশার মানুষ। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এতে আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরতে অংশগ্রহণকারীরা রঙ-বেরঙের প্ল্যাকার্ড, ফেস্টুন এবং গ্রামীণ সংস্কৃতির নানা প্রতিকৃতি প্রদর্শন করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্তরে লাঠি খেলার মতো বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও বৈশাখী আড্ডা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান ছনি।
এছাড়া ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও আলুর ভর্তা দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তার বক্তব্যে বলেন, "পহেলা বৈশাখ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। বদলগাছীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে জনমনে এক মিলনমেলায় পরিণত করেছে।"
শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দিনভর উপজেলা মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। গ্রামীণ ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে দিনটিকে বরণ করে নেয় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।
সব মিলিয়ে উৎসবের আমেজে নতুন বছরকে বরণ করে নিয়েছে বদলগাছী উপজেলার সর্বস্তরের মানুষ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com