স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমীতে ১৬৯তম টিআরসি (জুন–২০২৫) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনে এই আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল ও অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ তওফিক মাহবুব চৌধুরী, বিপিএম। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এই ব্যাচে মোট ৪১৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তারা দেশের বিভিন্ন জেলা থেকে গত ০৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে একাডেমীতে যোগদান করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে পঞ্চগড় থেকে ১১ জন, দিনাজপুর ৪০ জন, লালমনিরহাট ১৫ জন, নীলফামারী ২৩ জন, গাইবান্ধা ৩১ জন, ঠাকুরগাঁও ১৭ জন, রংপুর ৩৯ জন, কুড়িগ্রাম ২৬ জন, যশোর ৩৪ জন, সাতক্ষীরা ২৬ জন, মেহেরপুর ৯ জন, নড়াইল ৯ জন, চুয়াডাঙ্গা ১৪ জন, কুষ্টিয়া ২৫ জন, মাগুরা ১২ জন, খুলনা ৩০ জন, বাগেরহাট ১৫ জন, ঝিনাইদহ ২৪ জন এবং ফেনী থেকে ২১ জন প্রশিক্ষণার্থী ছিলেন।
কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব রতন বালা। প্রশিক্ষণে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বেস্ট টিআরসি অ্যাওয়ার্ড অর্জন করেন পিএ/৭৩৪ টিআরসি আবু বক্কর ছিদ্দিক। বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান পিএ/৬২০ টিআরসি মোঃ জাহিদ হাসান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন পিএ/৪৪৪ টিআরসি মোঃ মিলন ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন পিএ/২৪১ টিআরসি মোঃ মোমিনুল ইসলাম।
প্রশিক্ষণ শেষে নবীন পুলিশ সদস্যদের দেশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ৭৪ জন, আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) ১১১ জন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ৬ জন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) ৪৮ জন, ঢাকা রেঞ্জে ৪৯ জন, রাজশাহী রেঞ্জে ৫২ জন, খুলনা রেঞ্জে ৬৬ জন এবং শিল্পাঞ্চল পুলিশে ১২ জন দায়িত্ব পালন করবেন।
চার মাসব্যাপী কঠোর ও শৃঙ্খলাপূর্ণ মৌলিক প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিক কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখাই হবে তাদের প্রধান লক্ষ্য।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com