নওগাঁয় ছেলের বউয়ের হাতে শ্বশুর নি-হ-ত, ছেলে আ-হ-ত; দুই নারী আ-টক করেছে পুলিশ
- আপডেট সময়ঃ ০৭:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২৭৫ বার পড়া হয়েছে।

বদলগাছী উপজেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে পলাশ (২৮) আহত হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের গাবনা গুদাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৌর চন্দ্র উপজেলার আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৬–৭ বছর আগে গৌর চন্দ্র তাঁর মেয়ে রাখি রানীর বিয়ে দেন একই উপজেলার গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে। বিয়ের পর থেকে রাখি শ্বশুরবাড়িতে থাকলেও তাঁর স্বামী ঢাকায় কর্মরত। অভিযোগ রয়েছে, রাখির শ্বশুর তশুরামসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছিলেন।
ঘটনার একদিন আগে, বুধবার (১ এপ্রিল) রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। রাতভর তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে গৌর চন্দ্র তাঁর ছেলে পলাশসহ কয়েকজনকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে মেয়ের শ্বশুরবাড়িতে যান।
সেখানে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে রাখির শ্বশুরবাড়ির লোকজন গৌর চন্দ্র ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল নামে এক ব্যক্তি ক্রিকেট ব্যাট দিয়ে গৌর চন্দ্রের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ সময় পলাশও আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুই নারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














