মন্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই সুজনের নেতৃত্বে একটি দল উপজেলার কালিকাপুর ইউনিয়নের হালিবাড়ি (মোজার মোড়) গ্রামে অভিযান চালায়। এসময় মো. আনারুল ইসলাম (৪০) এর লিচু বাগানের মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সেবন ও বিক্রি করছিল বলে জানা যায়।
অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে আটক করে। আটককৃতরা হলেন—
পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫),আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)।
এসময় তাদের কাছ থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট (ওজন প্রায় ৫.২০ গ্রাম), মাদক সেবনের কাজে ব্যবহৃত একটি ছোট কাঠের টুকরা, ৪টি কাগজের তৈরি পাইপ ও ৫টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার ৯০০ টাকা।
পরে আটককৃতদের মান্দা থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT