আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামের দুই শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে শিশু দুটি আত্রাই থানা হেফাজতে সম্পূর্ণ নিরাপদে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের মৃত আলহাজ্ব ও মোছা. বিলকিস বেগমের এই দুই সন্তানকে 'সুজন' নামে এক ব্যক্তি আত্রাইয়ে নিয়ে আসেন। পরবর্তীতে সুজন সুকৌশলে তাদের আত্রাই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
এর পর শিশুদের কান্নাকাটি ও ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে যান। তবে শিশু দুটি তাদের মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া সুনির্দিষ্ট ঠিকানা বা অন্য কোনো বিস্তারিত তথ্য বলতে পারছে না। পরে স্থানীয় লোকজন দ্রুত শিশু দুটিকে উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে আত্রাই থানার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে তারা সম্পূর্ণ নিরাপদ এবং পুলিশ হেফাজতে রয়েছে। শিশু দুটির পরিবারের ও স্বজনদের পরিচয় ও সন্ধান পেতে আমাদের আইনগত চেষ্টা ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, কোনো ব্যক্তি যদি এই শিশু দুটির পরিবার বা স্বজনদের চিনে থাকেন অথবা তাদের বিষয়ে কোনো তথ্য জানা থাকে, তবে অতি দ্রুত আত্রাই থানায় যোগযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com