আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন, এই বার্তা ছড়িয়ে দিতে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখানোর পাশাপাশি তাদের মধ্যে সাবান বিতরণ করা হয়। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাথাইলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ায় নায়ক হোন’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। হাত ধোয়ার মতো একটি সাধারণ অভ্যাস ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা ধরনের সংক্রামক রোগ থেকে আমাদের সুরক্ষা দেয়। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু বিদ্যালয়ে নয়, বাড়িতেও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখতে হবে। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, ব্র্যাকের ওয়াশ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মাহাবুবা তালুকদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ইসরাৎ জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সাবান ও পরিষ্কার পানি ব্যবহার করে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। একই সঙ্গে খাবার খাওয়ার আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর নিয়মিত হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয়। এবং শিশুরা যাতেকরে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হয় সেই বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক সাবান বিতরণ করা হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com