দেশকে রক্ষা করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: আবু সাইদ চাঁদ
- আপডেট সময়ঃ ০১:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।

বাঘা(রাজশাহী) : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, দেশকে বাঁচাতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন-এ বিষয়টি মাথায় রেখে মানুষকে সম্মান করতে হবে। কৃষকদের রক্ষা করতে হবে, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। শনিবার (৪ এপ্রিল) সকালে বাঘা উপজেলা সম্মেলন কক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবু সাইদ চাঁদ আরও বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর ও চরম চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং রাজস্ব আহরণে ব্যর্থতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি কৃষকদের ভাগ্যো উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের কার্যক্রম ও নিয়ম-নীতির মাধ্যমে সবাইকে চলতে হবে। আমরা যদি সঠিক পথে না চলি, তাহলে আমাদের স্থায়িত্ব এক বছর ; আর যদি শৃঙ্খলার মধ্য দিয়ে চলি এবং মানুষকে সম্মান করি, তাহলে তা ১০ বছর হতে পারে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, ভোটের কালি না শুকাতেই প্রধানমন্ত্রীর দেওয়া নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, একটি সিন্ডিকেট তেল মজুত করছে এবং সরকারকে উসকানি দিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। তবে তাদের সে আশা পূরণ হবে না। আমাদের মধ্যে অনেক এমপি-মন্ত্রী রয়েছেন, যাদের নামে থানায় একটি জিডিও নেই। এ দিক থেকে আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করে এ অবস্থানে এসেছি। প্রয়োজনে আবারও রাজপথে নামব।
আবু সাইদ চাঁদ বলেন, বর্তমানে সারা বিশ্বে অস্থিরতা চলছে। সে দিক থেকে আমরা অনেক ভালো আছি। তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ভোটের আগে ‘জান্নাতের টিকিট’বিক্রি করে লোকজনকে বেহেশতে পাঠানোর কথা বলেছিলেন-এখন তার কী অবস্থা? মানুষ কি আদৌ বেহেশতে গেছে ? একটি কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা মিথ্যাবাদী ও প্রতারকদের কখনোই পছন্দ করেন না।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি। এ ছাড়াও মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু , সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক এবং উপজেলা কৃষক দলের সভাপতি সেলিম আরিফিন।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুকলেসুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিক সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের নেতা সালেহ আহমেদ সালাম ও শফিকুল ইসলাম-সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত কৃষক।
আবু সাইদ চাঁদের বক্তব্যে দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুর্নীতি দমন, কৃষকদের সুরক্ষা এবং রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। তিনি নেতাকর্মীদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান এবং যে কোনো পরিস্থিতিতে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দলের অবস্থান শক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে মিধ্যা পরিহার পূর্বক সততা এবং নিষ্ঠার সাথে রাজনীতির করার গুরুত্ব আরোপ করেন।
















