মোঃ হাসিবুর রহমান
ডিপিডি প্রতিবেদক
রাজশাহীর দুর্গাপুরে বাজার ব্যবস্থাপনা সুরক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সড়কে যানজট ও জনদুর্ভোগ নিরসনে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ সময় বিভিন্ন অপরাধে তিনজনকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুর্গাপুর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চলাচলের রাস্তায় অবৈধভাবে ইট-বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানো এবং ব্রিজের ওপর অহেতুক যানবাহন পার্কিং করে যানজট সৃষ্টির অপরাধে তিনজনকে জরিমানা করা হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা জানান, জনস্বার্থে বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই-বাছাইয়ের পাশাপাশি বাজার পরিস্থিতি ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের তদারকি আরও জোরদার করা হচ্ছে।
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলায় প্রতি সপ্তাহের রোববার ও বুধবার হাট বসে। হাটের দিনগুলোতে ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের সমাগম বেশি হওয়ায় যানজট এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবিলা ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com