প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৪:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৭:২৭ পি.এম
তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে জ্বালানি নিয়ে বিশৃঙ্খলা প্রতিরোধ ও তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধভাবে মজুদ করে বেশী দামে বিক্রি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১এপ্রিল) তানোর পৌর এলাকার তালন্দ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাঈমা খান। অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশী বিক্রির অপরাধে একজনের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিন অভিযানে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করে স্পটে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। তানোর পৌর এলাকার তালন্দ বাজার এলাকার ইদ্রিস আলীর পুত্র আমিনুল ইসলাম নিজ বাড়ির পাশ্বে অবৈধভাবে মজুদ করা তেল বেশী দামে বিক্রি করছিলেন। এসময় তেল বিক্রির সঠিক কাগজপত্র ও তেলের উৎস সংক্রান্ত বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হন।
ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায়, আমিনুল ইসলামের ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান।
এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান বলেন, “বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তেলের অবৈধ মজুদ ও সাধারণ মানুষের কাছে অধিক মূল্যে বিক্রয় করার চেষ্টা করছে। আমাদের আজকের এই অভিযান সেই অনিয়ম রোধের একটি অংশ।”
তিনি আরো সতর্ক করে বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে তেল মজুদ করবে বা নির্ধারিত দামের চেয়ে বেশি নেবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা নিয়মিত বাজার তদারকি করছি এবং যেকোনো অনিয়মের খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধ ও অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে রাজশাহী জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।#
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT