চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৬ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৩৬ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন। জেলা হাসপাতালে ভর্তি ৩১ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১৬ জন নারী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬০ জন পুরুষ ও ৩৮ জন নারী। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গুতে এ পর্যন্ত জেলায় একজনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩০ জন হাসপাতাল ছেড়েছেন। উন্নত চিকিৎসার জন্য আরও ৪ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে কমানো সম্ভব। তিনি আরও বলেন, জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com