স্টাফ রিপোর্টার: আতিকুর রহমান:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
অভিযান চলাকালে তিনি পাম্পগুলোর তেলের মজুদ, সঠিক পরিমাপ এবং বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় পাম্প মালিক ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা বিশৃঙ্খলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, সাধারণ জনগণের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি নিয়মিত চালু থাকবে। পাম্প কর্তৃপক্ষকে সরকারি নির্ধারিত মূল্যে এবং সঠিক পরিমাপে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে গ্রাহকদের হয়রানি কমানো এবং পাম্প এলাকায় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে উপজেলা প্রশাসনের এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। তাদের মতে, নিয়মিত মনিটরিং অব্যাহত থাকলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং অসাধু ব্যবসায়ীরা কোনো সুযোগ নিতে পারবে না।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এই কঠোর অবস্থান জ্বালানি খাতে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com