শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক,সফিপুর, পল্লি বিদ্যুৎ, চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা বেতন-ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
একপর্যায়ে স্থানীয় সাদমা টেক্সটাইল নামের একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান। এতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সাদমা টেক্সটাইল মিলের শ্রমিক মো:সুজন জানান, সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ ৫০ থেকে ৬০ জন শ্রমিক কারখানার সামনে এসে ভাঙচুর শুরু করেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে আন্দোলন শুরু করেন। তাঁকেও আন্দোলনে যোগ দিতে বলা হয়েছিল, তবে তিনি অংশ নেননি বলে জানান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে, ঘটনাস্থলে শিল্প পুলিশ আসছে। এ ছাড়া পোশাক কারখানার মালিকদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা ও পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
©২০২৫-২৬ দৈনিক পথের দিশা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। সকল কারিগরী সহযোগিতায়ঃ SuccessLifeiT.Com