আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী-৫ আসনে জামায়াত প্রার্থী মনজুর রহমানের গণসংযোগ ও প্রচারণা
- আপডেট সময়ঃ ০৮:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মনজুর রহমান গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শালঘড়িয়া এলাকা থেকে তার গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম শুরু হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী বার্তা তুলে ধরেন।
গণসংযোগকালে মনজুর রহমান বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শন, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভোটারদের অবহিত করেন। এতে নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এ সময় মনজুর রহমান বলেন,আজ আমরা রাজশাহী-৫ আসনের দুর্গাপুর ও পুঠিয়া এলাকার সাধারণ মানুষের কাছে গিয়েছি। নারী-পুরুষ উভয়েই দাঁড়িপাল্লায় ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। দেশে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, রাজশাহী-৫ আসনের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মাদ নুরুজ্জামান লিটন। তিনি বলেন, দেশে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে দাঁড়িপাল্লার বিজয় এই আসনে নিশ্চিত। আমি নিজেও এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলাম। দলের সিদ্ধান্তে প্রার্থিতা পরিবর্তন হলেও সাধারণ মানুষ মনজুর রহমান ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন—এমনটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, “বিভিন্ন জায়গায় আমাদের নারী কর্মীদের ভয়ভীতি ও হেনস্তা করা হচ্ছে। আমরা ধৈর্যের সঙ্গে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি। এসব কর্মকাণ্ড করে দাঁড়িপাল্লার প্রার্থীদের হারানো সম্ভব নয়। মানুষের মন থেকে দাঁড়িপাল্লাকে কখনোই সরানো যাবে না। আগামী ১২ই ফেব্রুয়ারি মানুষ ভোটের মাধ্যমে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবে, ইনশাআল্লাহ।
গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, উপজেলা জামায়াতে আমীর মোঃ সাইফুল ইসলাম মাস্টার, উপজেলা সেক্রেটারি মোঃ শামিম উদ্দিন মাস্টার, পৌর আমীর মোঃ নুর আলম, পৌর সেক্রেটারি শাহিনুর ইসলাম,রাজশাহী জেলা ছাত্রশিবির সেক্রেটারি আব্দুর রবসহ উপজেলা ও পৌর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা গণসংযোগ ও প্রচারণা কার্যক্রমে অংশ নেন।

















